ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বুধবার (১১ মার্চ, ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, জনশক্তি রপ্তানি ও অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আলোচনা শুরু করার সম্ভাবনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) প্রেসিডেন্সির জন্য বাংলাদেশের প্রার্থিতায় জার্মানির সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, এর টেকসই সমাধান হলো রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের পারস্পরিক উপকারী সম্পর্ককে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।











