ডেস্ক রিপোর্টঃ
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার। স্বনির্ভরতা অর্জনের জন্য সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন, কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতা ছিল। জিয়ার এসব অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী শনিবার (০৪ এপ্রিল, ২০২৬) লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। সরকার নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময় আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই জনগণের পাশে থেকে দেওয়া প্রতিশ্রুতি তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে; পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে। জনকল্যাণে সরকার পর্যায়ক্রমে সবকিছু করবে বলে তিনি আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।











