April 4, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নের অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর এখনো সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বই। ইন্টারনেটের এই যুগে পাঠাভ্যাসের ধরনে পরিবর্তন এলেও বইয়ের গুরুত্ব কমেনি। বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয়।

শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) পাবনায় বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ অপরিহার্য। জ্ঞানভিত্তিক ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বইমেলার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। রাজনৈতিক প্রক্রিয়া এবং রাষ্ট্র কাঠামো, ক্ষমতার কাঠামো যদি জবাবদিহির মধ্যে না থাকে তাহলে সঙ্গত কারণেই জবাবদিহিবিহীন ক্ষমতা ফ্যাসিবাদে রূপান্তরিত হতে বাধ্য।

মন্ত্রী বইমেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো বিস্তৃত করার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

Scroll to Top