April 4, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। কক্সবাজারে লাবনী পয়েন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার (০৩ এপ্রিল, ২০২৬) এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান, বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউটের কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা সার্ফিংকে সমান গুরুত্ব দিতে চাই।

তিনি জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরো আশ্বস্ত করেন, সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা আশা করছেন যে এই আয়োজন দেশে সার্ফিং খেলাকে আরো জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Scroll to Top