স্পোর্টস ডেস্কঃ
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আর্চারি দল রবিবার (২৯ মার্চ, ২০২৬) দেশে ফিরেছে।
ব্যাংকক থেকে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে চ্যাম্পিয়ন দলটিকে সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম।
এ সময় তিনি দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় যুব ও ক্রীড়া সচিব বলেন, এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে।











