June 9, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

আগামীকাল ৯ জুন পালিত হতে যাচ্ছে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬। এ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

প্রধানমন্ত্রী বলেন, International Accreditation Forum (IAF) এবং International Laboratory Accreditation Cooperation (ILAC) প্রতিবছর ৯ জুন বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালন করে। এ বছরের প্রতিপাদ্য “Innovation, Trust and Sustainability: The Power of Accreditation” অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এ প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উদযাপনের উদ্যোগ প্রশংসনীয়।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে ভোক্তারা শুধু পণ্যের গুণগত মান নয়, উৎপাদন প্রক্রিয়ার নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত প্রভাবও বিবেচনা করেন। তাই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, অ্যাক্রেডিটেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, যা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পণ্য ও সেবার গুণগত মান যাচাই করে। এটি কেবল একটি সনদ নয়, বরং দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার একটি কার্যকর হাতিয়ার।

প্রধানমন্ত্রী জানান, বিএবি’র মাধ্যমে বাংলাদেশের পণ্য ও সেবার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত সংস্থাটি দেশের ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। বর্তমানে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের আওতায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাণীর শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬ দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

Scroll to Top