ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের টেকসই জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়ানো এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার নতুন পথ খুঁজছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যেই সম্প্রতি অস্ট্রেলিয়ার স্মার্ট এনার্জি কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করেছে।
অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড)-এর সহ-নেতৃত্বে পরিচালিত এই ক্লিন এনার্জি মিশন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।
সফরকালে প্রতিনিধিদলটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিকল), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে অস্ট্রেলিয়ার উন্নত জ্বালানি প্রযুক্তি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। বিশেষ করে এনার্জি স্টোরেজ, রুফটপ সৌরবিদ্যুৎ এবং বৃহৎ পরিসরের গ্রিডভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অস্ট্রেলিয়ার সক্ষমতা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলটি মনে করে, বর্তমানে বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ তেলনির্ভর জ্বালানি ব্যবস্থাকে ধীরে ধীরে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তর করা জরুরি। এতে একদিকে যেমন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব উন্নয়নও সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।











